গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ

গাকৃবির উদ্ভাবিত কৃষি প্রযুক্তির পরিচিতিকরণে সেমিনার অনুষ্ঠিত

হাফিজুর রহমান, গাজীপুর প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
গাকৃবির উদ্ভাবিত কৃষি প্রযুক্তির পরিচিতিকরণে সেমিনার অনুষ্ঠিত
৫৭

‘গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং গবেষণালব্ধ জ্ঞান কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে শনিবার (২৭ জুন) গাকৃবির ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক ও সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

এছাড়াও অনুষ্ঠানে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, শ্রীপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে গাজীপুরের বদনিভাঙ্গা ও পাজুলিয়া গ্রামের ৪০ জন কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

 

বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন সাফল্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত উন্নত কৃষি প্রযুক্তি, নতুন জাত, আধুনিক উৎপাদন কৌশল, কৃষি যান্ত্রিকীকরণ, জলবায়ু সহনশীল উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে গবেষণাভিত্তিক অবদান তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে এসব প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস, ফলন বৃদ্ধি এবং কৃষকের আয় বৃদ্ধিতে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ বিশ্ববিদ্যালয়ের মৌলিক ও প্রায়োগিক গবেষণা এবং গবেষণালব্ধ প্রযুক্তি সম্প্রসারণে গাকৃবির অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গবেষণার প্রকৃত সার্থকতা তখনই অর্জিত হয়, যখন তা গবেষণাগার বা প্রকাশনার গণ্ডি পেরিয়ে কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। তিনি বলেন, গবেষণাকে সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত করে কৃষকের অভিজ্ঞতাকে গবেষণার শক্তিতে রূপ দিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারী কৃষক, খামারি ও উদ্যোক্তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা এবং প্রযুক্তি গ্রহণে প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এতে কৃষক ও গবেষকদের মধ্যে প্রাণবন্ত মতবিনিময়ের পরিবেশ সৃষ্টি হয়।

 

পরে অংশগ্রহণকারীরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি এবং গবেষণা মাঠ পরিদর্শন করেন। এর মধ্য দিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।