তদন্তে নতুন তথ্যের দাবি

অযোধ্যার রামমন্দিরে প্রণামীর চুরি যাওয়া ৮০ লাখ টাকা উদ্ধার

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ণ
অযোধ্যার রামমন্দিরে প্রণামীর চুরি যাওয়া ৮০ লাখ টাকা উদ্ধার
৮৮

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামীর নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার আট অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে হিসাববহির্ভূত প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার করেছে বলে দাবি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার (২৬ জুন) থেকে শুরু হওয়া এ তল্লাশি অভিযান রাজ্যের বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

 

প্রাথমিক তদন্তে গত দুই বছরে ভক্তদের দেওয়া প্রণামীর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি। বিশেষ তদন্তকারী দল (সিট)-এর ধারণা, এ ঘটনায় রামমন্দিরের কয়েকজন সেবাদার এবং মন্দির পরিচালনাকারী ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর কিছু সদস্য ও পদাধিকারীর সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) আটজনকে গ্রেপ্তারের পর ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক পদ থেকে চম্পত রাই পদত্যাগ করেন। একই সঙ্গে ট্রাস্টি পদ থেকে পদত্যাগ করেন অনিল মিশ্র। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার হওয়া কয়েকজনের সঙ্গে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রামশংকর যাদব ওরফে টিন্নু, লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্ল, মণীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রামশংকর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, লবকুশ মিশ্র ও অনুকল্প মিশ্র মন্দিরে দান হিসেবে পাওয়া নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী গণনা ও নথিভুক্তির কাজে যুক্ত ছিলেন এবং তারা ট্রাস্টি অনিল মিশ্রের আত্মীয়। অন্যদিকে রামশংকর যাদব পূর্বে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের গাড়িচালক ছিলেন এবং ২০২২ সাল থেকে মন্দির নির্মাণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, চুরি হওয়া সম্পত্তি গোপন রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অভিন্ন উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ও দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার (২৬ জুন) এক প্রতিক্রিয়ায় বলেন, ভক্তদের বিশ্বাস নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সনাতন ধর্মের মূল্যবোধের প্রতি আঘাত হানে—এমন যেকোনো ঘটনার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে বলেও তিনি মন্তব্য করেন।