সেনাবাহিনীর আয়োজনে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সফল সমাপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া মাইনি ইউনিয়ন ফুটবল একাদশ, রানার্সআপ খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশ, শ্রেষ্ঠ খেলোয়াড় খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতা ঝন্টু দাসের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, খেলাধুলা যুবসমাজের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে লংগদু জোন নিয়মিত জনকল্যাণমূলক এবং ক্রীড়াভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং আনুষ্ঠানিকভাবে ‘লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপ্তি ঘোষণা করেন।

