তদারকির অভাবে স্থবির উন্নয়নকাজ, আতাইকুলা সড়কে বাড়ছে জনদুর্ভোগ
পাবনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আতাইকুলা সড়কের উন্নয়নকাজ এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার প্রকৌশল শাখার তদারকির ঘাটতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার অভিযোগে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও অগোছালো অবস্থায় পড়ে থাকা সড়কটিতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো পথচারী ও যানবাহন চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সড়কটির উন্নয়ন প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাজ পেলেও পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাস্তবায়নের অভিযোগ উঠেছে। গত রমজান মাসে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রায় দুই মাস আগে ড্রেন নির্মাণকাজ শুরু হলেও কাজের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, ড্রেন খননের মাটি, ভাঙা কংক্রিট ও বিভিন্ন নির্মাণসামগ্রী সড়কের ওপর ফেলে রাখায় পুরো সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পথচারীদের নিরাপদ চলাচলের জন্য কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। সাম্প্রতিক বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
এলাকাবাসী জানান, মোজাহিদ ক্লাব এলাকা থেকে সড়কের একপাশে ড্রেন নির্মাণকাজ শুরু করা হলেও অপর পাশের পুরোনো ড্রেন বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে আশপাশের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পানি জমে থাকছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, একাধিকবার পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দিন দিন বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজে পৌরসভার পক্ষ থেকে কার্যকর তদারকির কোনো দৃশ্যমান চিহ্ন নেই। সড়কের বিভিন্ন স্থানে মাটি, ভাঙা নির্মাণসামগ্রী ও অন্যান্য উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও সেগুলো অপসারণের উদ্যোগ লক্ষ্য করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক উন্নয়নকাজ সম্পন্ন, নির্মাণসামগ্রী অপসারণ এবং জলাবদ্ধতা নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় চলমান জনদুর্ভোগের প্রতিবাদে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

