আসামে ডেঙ্গু ও জাপানিজ এনকেফেলাইটিসে ২ জনের মৃত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
আসামে ডেঙ্গু ও জাপানিজ এনকেফেলাইটিসে ২ জনের মৃত্যু
৬৩

ভারতের আসাম রাজ্যে ডেঙ্গু ও জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় মরিগাঁও জেলার এক নারী এবং রঙিয়ার এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন।

 

জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মরিগাঁও জেলার গছরগুড়ি এলাকার বাসিন্দা সাগরিকা ডেকা। গত ৮ জুন থেকে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সাগরিকা ডেকা একটি ই-কমার্স প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

 

অন্যদিকে, জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন রঙিয়ার বিশিষ্ট সংস্কৃতিমনা ব্যক্তিত্ব রীণা দেবী। টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

রীণা দেবীর মৃত্যুতে রঙিয়ার সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, সমাজ ও সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।