আহত অর্ধশতাধিক

ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত অন্তত ৫

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত অন্তত ৫
৮৫

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। রোববার (২১ জুন) সকালে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, এনবিএসটিসির একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ি থেকে ফালাকাটার উদ্দেশে যাত্রা করছিল। তিস্তা সেতু পার হওয়ার পর ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় পৌঁছালে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

 

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।