জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি

ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

হাফিজুর রহমান, গাজীপুর প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
৫৮

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ (3CSR)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 3CSR-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।

 

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। বৃক্ষরোপণ শেষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবসভ্যতার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এ সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারণী সিদ্ধান্তই যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ এবং কার্যকর উদ্যোগ। তিনি বলেন, একটি বৃক্ষ রোপণ মানে কেবল একটি চারা মাটিতে স্থাপন করা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং একটি বাসযোগ্য পৃথিবীর ভিত্তি গড়ে তোলা। তিনি প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে সুষম সমন্বয় ঘটিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

উপাচার্য আরও বলেন, বর্তমান সরকার একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি মনে করেন, জাতীয় পর্যায়ের এই উদ্যোগকে সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ডুয়েটকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার পরিবেশবান্ধব জীবনযাপন, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডাব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা এবং জলবায়ু সংকট মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণ ও গবেষণাভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

 

বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিসপ্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।