প্রাইভেটকার-পিকআপ জব্দ
পৃথক তিন অভিযানে গাছায় ৫ মাদক ব্যবসায়ী আটক
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে গাছা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়। তবে অভিযানের সময় একটি গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় গাছা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একই রাতে পরিচালিত আরেক অভিযানে খাইলকুর দক্ষিণপাড়া এলাকা থেকে খোরশেদ আলম ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে গাছা থানার পলাশোনা এলাকায় পরিচালিত আরও একটি অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক তিনটি অভিযানে মোট পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৪ বোতল ফেনসিডিল ও ৩৫ পিস ইয়াবা। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ শাহরিয়ার ইসলামের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

