সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

কসবায় বিএনপি’র দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
কসবায় বিএনপি’র দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
৫১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণবাজার ও আশপাশ এলাকায় এ আদেশ কার্যকর থাকবে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় কুটি দক্ষিণবাজারে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করেন তার সমর্থকরা। কুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া।

 

অন্যদিকে, একই সময় ও একই স্থানে কুটি ইউনিয়ন বিএনপির অপর একটি পক্ষ নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা জানাতে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের পক্ষ থেকে জনসমাবেশ, মিছিল এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সম্ভাব্য সংঘাত এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।