কৃষি প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়
রংপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস-২০২৬। কৃষি উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের এ আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী কৃষকরা। দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের পিএসএফ (পিএফএস) ও নন-পিএসএফ পার্টনার ফিল্ড স্কুলের সদস্য কৃষকদের অংশগ্রহণে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিনির্ভর কৃষি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল গঠন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে নানা কার্যক্রমের মাধ্যমে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পার্টনার কংগ্রেস-২০২৬-এর মূল উদ্দেশ্য ছিল পিএফএসে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের প্যাকেজ প্রযুক্তি বিষয়ক জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএসএফ কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল বিষয়ে কার্যকর ধারণা প্রদান এবং তা বাস্তব প্রয়োগে উদ্বুদ্ধ করা। এছাড়া সকল পিএফএসকে ফার্মার সার্ভিস সেন্টারে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং পার্টনার প্রকল্পের প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই প্রয়োগ নিশ্চিত করাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তারাগঞ্জ উপজেলা চত্বরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের নিয়ে এ মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম এবং রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় অংশ নেওয়া কৃষক মোঃ জায়তুল ইসলাম বলেন, প্যাকেজ প্রযুক্তি, আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল গঠনের নানা বিষয় সম্পর্কে তিনি নতুন ধারণা পেয়েছেন। এসব জ্ঞান নিজের কৃষিকাজে প্রয়োগের পাশাপাশি এলাকার অন্যান্য নন-পিএসএফ কৃষকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় পার্টনার কংগ্রেস-২০২৬ সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ প্রমাণ করে যে এ আয়োজন তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে।
কৃষি প্রযুক্তির প্রসার, অভিজ্ঞতা বিনিময় এবং প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস-২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

