অভ্যন্তরীণ বিতর্কে উত্তাল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, প্রশাসনিক ভবন অবরুদ্ধ

মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মহানগর প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
১১৩

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেন শিক্ষকরা।

 

রোববার শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা অংশ নেন। সভা শেষে শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা ভবনটি অবরুদ্ধ করে প্রতিবাদ জানান।

 

প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও নেতৃত্বের সক্ষমতায় সমৃদ্ধ বহু শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে এ নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের দাবি জানান।

 

শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে এ নিয়োগ কার্যকর করার যেকোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং শিক্ষক সমাজের আত্মমর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

 

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া শিক্ষকদের প্রতি অবমূল্যায়নের শামিল।

 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র ও দ্রুত অগ্রসরমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের মেধা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি প্রতিষ্ঠানে বহিরাগত প্রো-ভিসি নিয়োগ শিক্ষকদের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তার সঙ্গে সাংঘর্ষিক।