লালপুরে ফসলি জমি কেটে পুকুর খনন, ইটভাটা মালিকসহ দুইজন আটক

নাটোর জেলা প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
লালপুরে ফসলি জমি কেটে পুকুর খনন, ইটভাটা মালিকসহ দুইজন আটক
৪৮

নাটোরের লালপুর উপজেলায় তিন ফসলি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ইটভাটা মালিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) ও একটি ট্রাক্টর জব্দ করা হয়।

 

শনিবার (১৩ জুন) গভীর রাতে উপজেলার মঞ্জিলপুকুর গ্রামে অভিযান চালিয়ে বিবিআর (বিবিআর) ইটভাটার মালিক মো. রফিকুল ইসলাম (৪০) এবং ভেকুচালক মেহের আলীকে (৪০) আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের নজর এড়িয়ে আবাদি জমিতে পুকুর খনন করে আসছিল। মূলত রাতের অন্ধকারে মাটি কেটে তা বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। এতে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনের সম্ভাবনাও হুমকির মুখে পড়ছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পুকুর খননের কাজ চলাকালে অভিযুক্তদের আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও মাটি পরিবহনের ট্রাক্টর জব্দ করা হয়।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে উর্বর মাটি অপসারণ পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। এটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার (১৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে কৃষিজমি রক্ষা পাবে এবং অবৈধভাবে মাটি কাটার প্রবণতা কমে আসবে।