নাঈম হাসান হেনস্তা বিতর্কে খুলশী থানার ওসি বদলি
জাতীয় ক্রিকেট দলের স্পিনার -কে পুলিশ পরিচয়ে আটক ও হেনস্তার অভিযোগের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। একই সঙ্গে থানাটিতে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সোলাইমান।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে সিএমপি পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) রাতে জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার তদন্ত চলাকালে ইতোমধ্যে অভিযুক্ত এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি হেনস্তার অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
ঘটনার পরপরই সিএমপি প্রশাসনের এ পদক্ষেপকে পুলিশ বিভাগের অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



