সাঁথিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু, চিকিৎসা নিয়ে পরিবারের প্রশ্ন
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামে বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে।
নিহত রুহান মোল্লা চর কাবারিকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের একটি ডোবায় টেঁটা দিয়ে মাছ শিকার করতে গেলে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত থাকা সত্ত্বেও দায়িত্বরত চিকিৎসক তা প্রয়োগ না করে রুহানকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা হেলাল মোল্লা অভিযোগ করে বলেন, সাপের কামড়ের বিষয়টি চিকিৎসককে জানানো হলেও তার ছেলের শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়নি। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পেলে তার ছেলে বেঁচে যেতে পারত বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন। তিনি বলেন, দায়িত্বরত চিকিৎসক রোগীর শরীরে সাপের কামড়ের সুস্পষ্ট কোনো লক্ষণ বা নমুনা পাননি। এছাড়া হাসপাতালে অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

