বিভক্তির উদ্যোগে আপত্তি
গোপীনাথপুর ইউনিয়ন বিভক্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন, কসবাতেই থাকার দাবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে এবং অবিভক্ত ইউনিয়ন বহাল রাখার দাবিতে শুক্রবার (১২ জুন) ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গোপীনাথপুর ইউনিয়নের দীর্ঘদিনের ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি এবং প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে ইউনিয়নটিকে অবিভক্ত রাখা প্রয়োজন। তারা দাবি করেন, স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে কোনো ধরনের বিভক্তির উদ্যোগ গ্রহণ করা হলে তা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।
বক্তারা আরও বলেন, ইউনিয়নের বিদ্যমান কাঠামো ও পরিচয় অক্ষুণ্ন রেখে জনগণের স্বার্থে গোপীনাথপুর ইউনিয়নকে কসবা উপজেলার আওতায় অবিভক্ত অবস্থায় বহাল রাখা উচিত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইলিয়াস, বেলায়েত হোসেন হেলাল, আনোয়ার হোসেন, বশির আহম্মেদ চৌধুরী, আশরাফ আলী, আলমগীর কবির, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন ভূঁইয়া, গোলাপ খান, মেহেদী হাসান রুবেল, দেলোয়ার হোসেন এবং মুহাম্মদ রাজু আহম্মেদ।
এছাড়াও কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা “অবিভক্ত গোপীনাথপুর চাই, গোপীনাথপুরকে বিভক্ত হতে দেব না” স্লোগান দেন। একই সঙ্গে তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

