খুদে উদ্ভাবকদের মিলনমেলা
হরিরামপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত
মানিকগঞ্জের হরিরামপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফ। বক্তব্য রাখেন সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মুঃ শাহিনূর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকের সমন্বয়ে দল গঠন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এ ধরনের আয়োজন তাদের নতুন কিছু ভাবতে, সমস্যা সমাধানে বিজ্ঞানভিত্তিক ধারণা প্রয়োগ করতে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উপস্থাপনায় ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

