জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব

প্রো-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
প্রো-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ
১০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। শিক্ষা প্রশাসন ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদ ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

 

গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাঁকে নিয়োগ দেয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ওই দিনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি কার্যালয়ে প্রো-উপাচার্য হিসেবে যোগদান করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তাঁকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান।

 

অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের শিক্ষা ও গবেষণা অঙ্গনের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।