তামাকমুক্ত বান্দরবান গড়ার প্রত্যয়
বান্দরবানে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তামাকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বুধবার (১০ জুন) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক” সেমিনার ও শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী এবং বান্দরবান জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌর প্রশাসক এস. এম. মনজুরুল হক এবং সঞ্চালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ। এ সময় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পৌর এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই স্কুল-কলেজ পর্যায় থেকেই ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, যাতে কোনো শিক্ষার্থী এই মরণনেশার দিকে ঝুঁকে না পড়ে। তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করাই সবার মূল লক্ষ্য। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে সমাজকে ধূমপানমুক্ত করতে কার্যকর ভূমিকা রাখতে।
সচেতনতামূলক এই আয়োজনের মাধ্যমে বান্দরবানকে একটি আদর্শ ও তামাকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

