বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী অরিন ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় ফেরদাউস মিয়া (৬০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার বিচারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন, ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদাউস মিয়া বেতকাপা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাঠের বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক অটোরিকশাচালক ফেরদাউস মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজও করা হচ্ছে।

