সংবাদ প্রকাশের পর সহায়তা পেল তঞ্চঙ্গ্যা পরিবার
কাপ্তাইয়ে ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যা’র পাশে পার্বত্য প্রতিমন্ত্রী
রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার একটি অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
বুধবার (১০ জুন) বিকেল ৩টায় পরিবারের সদস্য ইতিস তঞ্চঙ্গ্যার হাতে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পরিবারের প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গ্যা (৬৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এবং তাঁর পুত্রবধূ সান্তনা তঞ্চঙ্গ্যা (৪৩) প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারটির দুরবস্থার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
প্রতিমন্ত্রীর পক্ষে অনুদান হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম।
এ সময় মোরশেদ আলম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাহাড়ের সকল সম্প্রদায়ের সুখ-দুঃখ ও উন্নয়নের অংশীদার হিসেবে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনও প্রধানমন্ত্রীর নির্দেশনায় পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।”
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিব হোসেন মহিন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আর্থিক সহায়তা পেয়ে পরিবারের সদস্য ইতিস তঞ্চঙ্গ্যা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

