আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের নতুন সম্ভাবনা

গাজীপুরে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মহানগর প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
গাজীপুরে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
১২০

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘সঞ্জীবন’ প্রকল্প বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকল্পের বাস্তবায়ন কৌশল, সদস্য অন্তর্ভুক্তি, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সোমবার (৮ জুন) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি সঞ্জীবন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে বলেন, এ প্রকল্পের মাধ্যমে সদস্যরা আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

তিনি আরও বলেন, চাকরিনির্ভর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভের এখনই উপযুক্ত সময়। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর উপায় হলো উদ্যোক্তা উন্নয়ন। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজ নিজ এলাকায় সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।

 

প্রকল্পের সফল বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকতা, সমন্বিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

কর্মশালায় উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রকল্প কার্যক্রমের সূচনা, বাস্তবায়ন পদ্ধতি, এলাকা-ভিত্তিক সম্ভাবনাময় উদ্যোগ নির্বাচন, সদস্যদের অংশগ্রহণ ও শ্রমের মূল্যায়ন, লভ্যাংশ বণ্টন, ঋণের কিস্তি পরিশোধ, সদস্যপদ ত্যাগ বা সদস্যের মৃত্যুর ক্ষেত্রে অনুসরণীয় প্রক্রিয়া এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।

 

আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক এনামুল খাঁন সঞ্জীবন প্রকল্পের সদস্যপদ, সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া, প্রকল্প পরিচালনা কাঠামো, ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি এবং আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে টিএমএসএসের পরিচালক মো. রেজাউল করিম প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন সফল উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে টিএমএসএসের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতামূলক উদ্যোগ নিয়েও আলোকপাত করেন।

 

এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীবন প্রকল্পে ব্যাংকের সম্পৃক্ততা, সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং অন্যান্য ব্যাংকিং সহায়তা সম্পর্কিত বিষয় উপস্থাপন করেন। তার উপস্থাপনা প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করে।

 

সমাপনী পর্বে মো. রফিকুল ইসলাম জুম অ্যাপের মাধ্যমে এবং সরাসরি উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন। এ সময় অংশগ্রহণকারীদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করা হয়, যা প্রকল্প বাস্তবায়নের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

কর্মশালায় অংশগ্রহণকারীরা সঞ্জীবন প্রকল্পকে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি যুগোপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

 

তারা মত প্রকাশ করেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে প্রকল্পটিকে একটি টেকসই ও জনকল্যাণমুখী মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।