সম্প্রচার স্বত্ব কিনতে ব্যয় ৭৩ কোটি টাকা
২০২৬ বিশ্বকাপ সরাসরি দেখাবে বিটিভি
বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সব ধরনের মিডিয়া রাইটস বা সম্প্রচার স্বত্ব ক্রয় করছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) এই স্বত্ব কেনা হচ্ছে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।
রোববার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে একই প্রস্তাব অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন পায়, যা পরবর্তীতে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর সম্প্রচার স্বত্ব মধ্যস্বত্বভোগী এজেন্সির মাধ্যমে উচ্চমূল্যে ক্রয় করতে হতো। তবে এবার সরাসরি ফিফা থেকে ‘অল মিডিয়া রাইটস’ কেনায় তুলনামূলক স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।
‘অল মিডিয়া রাইটস’ পাওয়ার ফলে বিটিভি শুধু স্যাটেলাইট টেলিভিশনেই নয়, তাদের টেরেস্ট্রিয়াল সম্প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি সেবার মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে পারবে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবার ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে মোট ১০৪টি ম্যাচে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।
বিটিভির এই স্বত্ব ক্রয়ের ফলে দেশের ফুটবলপ্রেমীরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।

