কলমের বুকে ইটের আঘাত !

ধুনটে মাদক কারবারির হামলার শিকার সাংবাদিক গোলাম রব্বানী

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
ধুনটে মাদক কারবারির হামলার শিকার সাংবাদিক গোলাম রব্বানী
৮১

“ধুনটের এই নির্দিষ্ট এলাকায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে দীর্ঘদিন ধরে সাংবাদিকরা বারবার হামলার শিকার হলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি, যার সর্বশেষ প্রমাণ এই নৃশংস ঘটনা।”

 

বগুড়ার ধুনট উপজেলায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক গোলাম রব্বানী (৪৮)। এ ঘটনায় অভিযুক্ত আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মামলা গ্রহণ করেছে পুলিশ।

 

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ী বাজারের আমতলা চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আল আমিন গোসাইবাড়ী মাস্টারপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে। আহত সাংবাদিক গোলাম রব্বানী পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দৈনিক নববানী ও মানাস মিডিয়ার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন পেশায় ট্রাকচালক। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও বেচাকেনার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত। গোসাইবাড়ী বাজার এলাকাতেও প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

ঘটনার দিন সকালে আমতলা চারমাথা এলাকায় আল আমিনের মাদক বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক গোলাম রব্বানী। এ সময় ক্ষুব্ধ হয়ে আল আমিন তার ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি ইট দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করলে গোলাম রব্বানী গুরুতর আহত হন।

 

সাংবাদিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আল আমিনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আহত গোলাম রব্বানীকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিককে আহত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় আল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।