সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার চার মিনিট পর, বেলা ১১টা ৪১ মিনিটে আদালতের কার্যক্রম শেষ হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মাথায়, গত ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে চার্জশিট দাখিল করেন। একই দিন মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। তবে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় মামলার চার্জগঠনের জন্য ১ জুন দিন ধার্য করা হয়।
ঈদের ছুটি শেষে ১ জুন মামলার চার্জগঠন সম্পন্ন করে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। পরদিন ২ জুন মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে রামিসার বাবা, মা, বোন ও স্বজনসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
পরবর্তীতে ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয় এবং ৪ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। সব প্রক্রিয়া শেষে আদালত আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

