“তিনি ছিলেন নির্ভীক সাংবাদিকতার প্রতীক”— জামিল পাভেলের স্মরণে আব্দুল মালেক মলাই
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি এফ এস জামিল পাভেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক ভাবগাম্ভীর্যপূর্ণ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ জুন) বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মরহুমের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন ও সামাজিক অবদানের কথা স্মরণ করে গভীর আবেগে আপ্লুত হয়ে পড়েন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সহ-সভাপতি জনাব মো. ফরহাদ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন দৈনিক দিনকালের সাবেক জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মালেক মলাই। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা সভাপতি জনাব সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক নির্বাহী প্রকৌশলী আশরাফুদ্দীন আহমদ এবং ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী সহকারী জনাব নূর মোহাম্মদ খান। সভায় বাবার স্মৃতি স্মরণে আবেগঘন বক্তব্য রাখেন মরহুম সভাপতি জামিল পাভেলের সুযোগ্য পুত্র উমর ফারুক শান্ত।
শোকের এই আবহ পরিব্যাপ্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক নববাণীর জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ, জ্যেষ্ঠ সাংবাদিক হাজী শাহজাহান ভূঁইয়া, দৈনিক আজকালের জেলা প্রতিনিধি মো. ইসমাইল, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি মোসাব্বির হাসান (সজিব), দৈনিক মাতৃজগতের সিনিয়র রিপোর্টার তাছলিমা শারমিন, দৈনিক ভোরের কথার জেলা প্রতিনিধি শেখ সাদী সুমন এবং দৈনিক অভয়নগরের ক্রাইম রিপোর্টার নওশাদ ভূঁইয়া। বক্তারা মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এবং মফস্বল সাংবাদিকদের অধিকার সুরক্ষায় এফ এস জামিল পাভেল আজীবন যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা স্থানীয় গণমাধ্যমকর্মীদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভায় সংহতি ও শ্রদ্ধা জানাতে আরও অংশ নেন ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আলামিন, দৈনিক চলার পথের স্টাফ রিপোর্টার সোয়াইব ইসলাম সোহেল, সাপ্তাহিক আমাদের কথার জেলা প্রতিনিধি মো. আরমান, দৈনিক রিপাবলিকের জেলা প্রতিনিধি এনায়েত খান এবং সাপ্তাহিক পূর্বধারার জেলা প্রতিনিধি মো. জুয়েল রানা। এ ছাড়াও অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাফায়েত মিয়া, মো. ইয়াকুব ও যুবরাজ। উপস্থিত সুধীজন মরহুমের রেখে যাওয়া আদর্শ ধরে রেখে সৎ ও নির্ভীক সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবির চৌধুরী রিপনের অত্যন্ত দক্ষ ও সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও চির শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইশরাত হোসেন। মোনাজাতে উপস্থিত সকলে অশ্রুসজল নয়নে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য্য দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সাংবাদিক এফ এস জামিল পাভেলের চলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য এক আলোকবর্তিকা হিসেবে পথ দেখাবে।


