শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি
বিবাহবন্ধনে আবদ্ধ জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কৃতী সন্তান দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের শুভ আকদ সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরীর স্বামী ড. মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।
বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন দীপ্তি চৌধুরী। তিনি জানান, সম্পূর্ণ পারিবারিক পরিবেশে এবং ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বৃহত্তর পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নতুন জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
দীপ্তি চৌধুরীর জীবনসঙ্গী ড. মুশতাক ইবনে আইয়ুব শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল এক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যানসার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ক্যানসার গবেষণাসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
টেলিভিশন পর্দার পরিচিত মুখ দীপ্তি চৌধুরীর বিয়ের খবরে তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আনন্দের আমেজ বিরাজ করছে। নাসিরনগরের কৃতী সন্তান হিসেবে তার নতুন জীবনের সূচনায় এলাকার শুভানুধ্যায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।

