মণিপুরে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, গ্রেফতার ১

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
মণিপুরে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, গ্রেফতার ১
১০০

ভারতের মণিপুর রাজ্যের থৌবল জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ৮টার দিকে থৌবল জেলার মইজিং মীনা বাজার থোংখং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

নিহত পুলিশ সদস্যের নাম খোইরোম সুরেশ। তিনি থৌবল কমান্ডো ইউনিটে হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া একটি কমান্ডো দল এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করছিল। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ছুরি দিয়ে খোইরোম সুরেশকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত থৌবল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (৪ জুন) সকালে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।