‘রইদ’ পোস্টারে নেটিজেনদের সৃজনশীল উন্মাদনা
তুষির গায়ে আর্জেন্টিনার জার্সি, হাত বাড়িয়ে বিশ্বকাপ চাইছেন নেইমার!
মুক্তির আগেই পোস্টার প্রকাশ করে দর্শকের নজর কাড়ে ‘রইদ’। আর মুক্তির পর সেই আগ্রহ যেন আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার ঘিরে তৈরি হয়েছে ভিন্নধর্মী উন্মাদনা। নেটিজেনরা নিজেদের সৃজনশীলতায় নতুন নতুন রূপে উপস্থাপন করছেন পোস্টারটি।
মূল পোস্টারে নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান থাকলেও বিভিন্ন সম্পাদিত সংস্করণে বদলে যাচ্ছে পোস্টারের কেন্দ্রীয় উপাদান। কোথাও তালের জায়গায় দেখা যাচ্ছে পিজ্জা, কোথাও কলা, আবার কোথাও প্রচণ্ড গরমের প্রতীক হিসেবে যুক্ত করা হয়েছে বরফ। এসব সৃজনশীল সম্পাদনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনাও জায়গা করে নিয়েছে ‘রইদ’-এর পোস্টারে। এমনই একটি ভাইরাল সম্পাদিত ছবিতে দেখা যায়, তালের পরিবর্তে যুক্ত করা হয়েছে ফুটবল বিশ্বকাপ ট্রফি। সেখানে নাজিফা তুষির গায়ে আর্জেন্টিনা দলের জার্সি, হাতে বিশ্বকাপ ট্রফি। অন্যদিকে মোস্তাফিজুর নূর ইমরানের স্থানে দেখা যায় ব্রাজিল তারকা ফুটবলার নেইমার-কে, যিনি যেন হাত বাড়িয়ে বিশ্বকাপ ট্রফিটি চাইছেন।
ছবিটি নজরে আসার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেটি শেয়ার করেন নাজিফা তুষি। মজার ছলে তিনি লিখেছেন, “কিন্তু আমি তো ব্রাজিল, আমাকে কেন আর্জেন্টিনা দিলেন…”

এছাড়াও পোস্টারের আরও কয়েকটি সৃজনশীল সংস্করণ শেয়ার করেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, নিজের সিনেমার পোস্টার নিয়ে এমন উন্মাদনা দেখতে তার ভালো লাগছে। সমসাময়িক নানা বিষয় পোস্টারের মাধ্যমে উঠে আসছে, যা তার কাছে বেশ আকর্ষণীয় ও উপভোগ্য মনে হয়েছে।
এদিকে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত International Film Festival Rotterdam-এর ৫৫তম আসরে টাইগার প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাধু নামের এক ব্যক্তি এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে কেন্দ্র করে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।

