গাজীপুরে তুরাগ নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি
গাজীপুর মহানগরের কাশিমপুরে তুরাগ নদীতে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পায়নি ডুবুরিরা।
শনিবার (৩০ মে) বিকালে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, ঈদের ছুটির আমেজে কয়েকজন বন্ধু মিলে নৌকায় করে তুরাগ নদীতে ভ্রমণে বের হন। নৌকায় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। একপর্যায়ে রাসেল(২২) নামের এক যুবক
ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি নদীর পানিতে তলিয়ে যানএবং নিখোঁজ হন। তিনি কাশিপুরের গোবিন্দবাড়ি এলাকার ফজর আলীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ,ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। জানানোর পর উদ্ধারকারী দলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর রোববার সকাল সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও রোববার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
ডুবুরি দলকে স্থানীয় জেলে,নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ রাসেলের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে।
কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, নৌকা ভবনে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

