পলাশবাড়ীতে বরিশাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্কুলগামী রাস্তার বেহাল দশা, বিপাকে কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চালিতাদহ গ্রামের রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
বিশেষ করে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের প্রতিদিন এই পানি ওঠা ও কাদাময় রাস্তা দিয়েই স্কুলে যেতে হচ্ছে। অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। এতে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন বেহাল অবস্থা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কাজ হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাদায় পরিণত হয়, ফলে সাধারণ মানুষের চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।
এ বিষয়ে স্থানীয় মেম্বার জানান, রাস্তাটি সংস্কারের জন্য মাটি কাটার উদ্যোগ নেওয়া হলে রাস্তার পাশের জমির মালিক বাধা দেন। তাদের আপত্তির কারণে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি করেন তিনি।
তবে এলাকাবাসীর দাবি, দ্রুত সমস্যার সমাধান করে চালিতাদহ গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হোক। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

