বাঘা শাহী মসজিদ কমিটি নিয়ে বিতর্ক, নতুন কমিটি গঠনের আশ্বাস দিলেন এমপি চাঁদ

রাজশাহী প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
বাঘা শাহী মসজিদ কমিটি নিয়ে বিতর্ক, নতুন কমিটি গঠনের আশ্বাস দিলেন এমপি চাঁদ
১৬৬

রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রায় ৫০০ বছরের প্রাচীন বাঘা শাহী মসজিদের নবগঠিত কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদী জনতা ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

রোববার (২৪ মে) স্থানীয়দের পক্ষে বাঘা উপজেলা যুবদল কর্মী মিজানুর রহমান সুমন স্মারকলিপিটি জমা দেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাক্ষর সংযুক্ত ছিল।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গঠিত মসজিদ কমিটিতে সুদখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।

 

স্থানীয়দের অভিযোগ, পবিত্র মসজিদের পরিচালনায় এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে ধর্মীয় পরিবেশ ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি মসজিদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে।

 

স্মারকলিপি গ্রহণের পর সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি উপস্থিত স্থানীয়দের উদ্দেশে বলেন, “মসজিদের মতো পবিত্র স্থানে কোনো দুর্নীতিগ্রস্ত বা সুদখোর ব্যক্তির স্থান হতে পারে না।” তিনি দ্রুত বর্তমান কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের আশ্বাস দেন।

 

স্মারকলিপি প্রদানকারী মিজানুর রহমান সুমন বলেন, বাঘা শাহী মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় তারা সবসময় সোচ্চার থাকবেন। এমপির আশ্বাসে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলেও তিনি জানান।

 

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাঘা শাহী মসজিদ তার ঐতিহ্য ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে।