পলাশবাড়ীতে ঈদের আগের দিনের গরুর হাট ঘিরে ব্যাপক প্রস্তুতি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে কোরবানির পশুর হাট নিয়ে এখন থেকেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদের আগের দিন বুধবার অনুষ্ঠিতব্য গরুর হাটকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। হাট ইজারাদার মোত্তালেব সরকার বকুল আশা প্রকাশ করেছেন, এবারের হাট হবে অত্যন্ত জমজমাট এবং বেচাকেনা হবে রেকর্ড পরিমাণ।
তিনি জানান, শহরাঞ্চলে বসবাসকারী মানুষের একটি বড় সমস্যা হলো কোরবানির পশু রাখার পর্যাপ্ত জায়গার অভাব। অনেকেই আগে থেকে গরু কেনার সুযোগ পান না। ফলে ঈদের আগের দিনই অধিকাংশ মানুষ শেষ মুহূর্তে পশু কিনতে হাটে ভিড় করেন। এ কারণেই বুধবারের হাটে ব্যাপক ক্রেতা সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মোত্তালেব সরকার বকুল আরও বলেন, “শহরের মানুষ এখন ব্যস্ত জীবনযাপন করেন। অনেকের বাসাবাড়িতে গরু রাখার জায়গা নেই। তাই তারা শেষ মুহূর্তে এসে পছন্দ অনুযায়ী গরু কিনে নিয়ে যান। আমরা আশা করছি এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের গরু হাটে আসবে এবং ক্রেতারাও সন্তুষ্ট মনে পশু কিনতে পারবেন।”
তিনি আরও জানান, হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে পর্যাপ্ত আলো, পানি, পরিচ্ছন্নতা এবং যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।
স্থানীয় খামারিরা জানান, দেশীয় জাতের পাশাপাশি বিভিন্ন উন্নত জাতের গরু এবার হাটে উঠবে। গত কয়েক মাস ধরে লালন-পালন করা পশু বিক্রির আশায় তারা এখন ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে আশপাশের জেলা থেকেও অনেক ব্যবসায়ী পলাশবাড়ীর হাটে গরু আনার প্রস্তুতি নিয়েছেন।
ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় পশুর হাট জমে উঠতে শুরু করেছে বলেও স্থানীয়রা জানান।

