অরক্ষিত লেভেলক্রসিংয়ে দুর্ঘটনায় জয়ন্তীকা এক্সপ্রেস

বিজয়নগরে গরুবাহী পিকআপের সাথে ট্রেনের সংঘর্ষ

জুনাইদ, ব্রাহ্মণবাড়িয়া : প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
বিজয়নগরে গরুবাহী পিকআপের সাথে ট্রেনের সংঘর্ষ
৭৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গরুবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

 

বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মুকুন্দপুর ও আজমপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি মুকুন্দপুর ও আজমপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি গরুবাহী পিকআপ ভ্যান অরক্ষিত লেভেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় পিকআপটি রেললাইনের ওপর আটকে যায়।

 

হঠাৎ ট্রেন কাছাকাছি চলে আসায় চালক আর পিকআপটি সরিয়ে নিতে পারেননি। পরে ট্রেনটি সজোরে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। তবে ট্রেন আসার আগেই পিকআপে থাকা লোকজন নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি গরুবাহী পিকআপ রেললাইনে আটকে যায়। ওই সময় সিলেটগামী ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দ্রুত পিকআপটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত লাইনের ওপর থেকে পিকআপের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়। সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।