অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার জিয়াউল হক

শাহীন আকতার, চট্টগ্রাম : প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার জিয়াউল হক
৪১

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক। বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

গতকাল চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি জিয়াউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।”

 

তিনি আরও বলেন, “এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে পটিয়া থানার সকল কর্মকর্তা ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

 

ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই পটিয়া থানার ওসি জিয়াউল হককে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।