মাহিলাড়ায় ভয়াবহ বজ্রপাত

গৌরনদীতে বজ্রপাতে নিহত ২, আহত ১

মো. সুজন শরীফ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
গৌরনদীতে বজ্রপাতে নিহত ২, আহত ১
৭৭

বরিশালের গৌরনদী উপজেলায় ভয়াবহ বজ্রপাতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে উপজেলার মাহিলাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন কয়েকজন। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন মাহিলাড়া ইউনিয়নের ভিমের পাড় গ্রামের বাসিন্দা তালেব আলী হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬৫) এবং বাটাজোড় ইউনিয়নের দেওয়াপাড়া গ্রামের সকান্ত বালা (৪০)।

 

এ ঘটনায় গুরুতর আহত হন একই এলাকার গোপাল সরকার (৪০)। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

ঘটনার পর নিহতদের পরিবারের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্বজনদের কান্নায় স্থানীয়দের মাঝেও শোকের আবহ সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এদিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল খোলা মাঠ, গাছের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

 

মর্মান্তিক এ ঘটনায় মাহিলাড়া ও বাটাজোড় এলাকায় গভীর শোক নেমে এসেছে।