লামায় জ্বালানি কাঠবাহী ট্রলি আটকের পর ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
লামায় জ্বালানি কাঠবাহী ট্রলি আটকের পর ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
৬৪

বান্দরবানের লামা বন বিভাগের সদর রেঞ্জের আওতাধীন লাইনঝিরি এলাকা থেকে জ্বালানি কাঠবোঝাই দুটি ট্র্যাক্টর ট্রলি আটক করার পর এর মধ্যে একটি গাড়ি ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে লামা রেঞ্জের কর্মকর্তারা লাইনঝিরি এলাকা থেকে জ্বালানি কাঠবোঝাই দুটি ট্র্যাক্টর ট্রলি আটক করে লামা রেঞ্জ অফিসে নিয়ে আসেন। পরে গাড়ি দুটি সারাদিন রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, রাতের আঁধারে অর্থের বিনিময়ে একটি ট্রলি অবমুক্ত করে দেন কে এম কবির উদ্দিন, রেঞ্ কর্মকর্তা, লামা সদর রেঞ্জ। বিধি অনুযায়ী আটককৃত যানবাহনের সিজার লিস্ট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত, লামায় জমা দেওয়ার কথা থাকলেও একটি গাড়ির ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এদিকে অপর একটি ট্রলির সিজার লিস্ট ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বন আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া ট্রলিটির মালিক লাইনঝিরি এলাকার লাকড়ি ব্যবসায়ী নাসির মাঝি।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।