বন বিভাগে ঘুষ বাণিজ্য
লামায় আটক কাঠবোঝাই ট্রলি ঘুষের বিনিময়ে ছাড়ার অভিযোগ
বান্দরবানের লামা বন বিভাগের সদর রেঞ্জের আওতাধীন লাইনঝিরি এলাকা থেকে জ্বালানি কাঠবোঝাই দুটি ট্র্যাক্টর ট্রলি আটক করার পর এর মধ্যে একটি ট্রলি ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর আনুমানিক সাড়ে ৫টায় লামা রেঞ্জের কর্মকর্তারা লাইনঝিরি এলাকা থেকে জ্বালানি কাঠবোঝাই দুটি ট্র্যাক্টর ট্রলি আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। পরে ট্রলি দুটি সারাদিন রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়।
স্থানীয় সূত্রের দাবি, রাতের আঁধারে অর্থের বিনিময়ে একটি ট্রলি অবমুক্ত করে দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন। বিধি অনুযায়ী আটককৃত যানবাহনের সিজার লিস্ট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত, লামায় জমা দেওয়ার নিয়ম থাকলেও একটি ট্রলির ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এদিকে অপর একটি ট্রলির সিজার লিস্ট ১৯ মে ২০২৬ তারিখে বন আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া ট্রলিটির মালিক লাইনঝিরি এলাকার লাকড়ি ব্যবসায়ী নাসির মাঝি।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

