রাণীশংকৈলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহশিন আলী, ইউনিয়ন বিএনপি নেতা জমিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম এবং শিক্ষক আবু ফেরদৌস মানিকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান এবং নাগরিক হয়রানি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় অনুষ্ঠানে।
তিন দিনব্যাপী এ মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমিসেবা এবং নাগরিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

