বাউবি’তে OBE কারিকুলাম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “Hands on Training on OBE Curriculum Development: Implementation and Challenges” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাঈদ ফেরদৌস। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষকতার জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঘাটতি দীর্ঘদিনের বাস্তবতা। অধিকাংশ শিক্ষক কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিকক্ষে পাঠদান শুরু করেন, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে টিচিং-লার্নিং প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হলেও আমাদের দেশে এ বিষয়ে এখনো মানসিক বাধা ও অনীহা রয়েছে। Outcome Based Education (OBE) পদ্ধতির কিছু সীমাবদ্ধতা থাকলেও এটি শিক্ষাকে পরিকল্পিত ও জবাবদিহিমূলক করতে সহায়ক বলে তিনি উল্লেখ করেন। পাঠদান ও মূল্যায়নে শৃঙ্খলা, নির্দিষ্ট লক্ষ্য এবং শিক্ষার্থীর অর্জন নিশ্চিত করতে OBE কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, OBE পদ্ধতির মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পাঠদান এবং কারিকুলাম উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক তানভীর আহসান এবং অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসি। বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী OBE কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ড. এ.বি.এম. রহমাতুল্লাহ্। তিনি OBE বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয়, বিভিন্ন OBE মডেল, BNQF, কারিকুলাম ডিজাইন, PEOs, PLCs ও CLOs ম্যাপিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত এ প্রশিক্ষণে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এবং স্কুল অব ‘ল’ এর ৩৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

