নোয়াখালীতে ডিবির অভিযান
১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নোয়াখালী জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে সুধারাম উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকার আজাদের দোকানের সামনে একটি চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম পূর্ব শুলুকিয়া এলাকার বাসিন্দা। তিনি মাহফুজুর রহমান ও জহুরা বেগমের ছেলে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


