হাইভোল্টেজ তারে তাজিয়ার স্পর্শে দুর্ঘটনা
মধ্যপ্রদেশে মহরমের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩, আহত ১০
ভারতের মধ্যপ্রদেশে মহরমের শোভাযাত্রার সময় হাইভোল্টেজ বিদ্যুতের তারে তাজিয়ার কাঠামো স্পর্শ করায় মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মধ্যপ্রদেশের রতলাম জেলার হাটনারা গ্রামে মহরম উপলক্ষে প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করা হয়। একপর্যায়ে তাজিয়ার কাঠামোর লোহার রড হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
রতলাম জেলার পুলিশ সুপার অমিত কুমার জানান, এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজিয়ার লোহার রডটি বিদ্যুতের তার স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সেটি বহনকারী ব্যক্তিরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে রডটি মাটিতে পড়ে গেলে আরও কয়েকজন আহত হন। আকস্মিক এ ঘটনায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

