গবেষণা ও প্রকাশনায় নতুন উদ্যোগ
গবেষণা খাতে বরাদ্দ দ্বিগুণের ঘোষণা, শিক্ষকদের বই প্রকাশে সহায়তার আশ্বাস ভিসির
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়নে বাজেট বরাদ্দ দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের মানসম্মত বই ও গবেষণা প্রবন্ধ প্রকাশে উপাচার্যের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘মানসম্পন্ন গবেষণা, লিখন ও প্রকাশনা’ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রস্তুতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, বৈশ্বিক গবেষণা প্রকাশনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা পদ্ধতি অনুসরণ এবং গবেষণার গুণগত মান উন্নয়ন অত্যন্ত জরুরি। তারা মনে করেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা সম্প্রসারণ এবং উচ্চশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জহুরুল আজম।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ. টি. মাহবুব উদ্দিন আহমেদ এবং ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের ড. এম খুরশেদ আলম গবেষণার বিভিন্ন প্রায়োগিক ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা গবেষণা পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ, একাডেমিক লিখনশৈলী এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার কৌশল বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ গবেষণাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষক-গবেষকদের মধ্যে মানসম্মত গবেষণা ও প্রকাশনার সংস্কৃতি আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

