আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে যাত্রা শুরু
দেবীগঞ্জে হাজী বছির উদ্দিন স্কুলের নতুন ভবনের উদ্বোধন
পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয়ে হাজী বছির উদ্দিন স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।
সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের হাজারডাঙ্গা এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি। এ সময় নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে হাজী বছির উদ্দিন স্কুলকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা শিক্ষার উন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

