সেনা তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত
লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, অভিযুক্ত আটক
রাঙামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোঃ আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত আবুল হোসেন ওই গ্রামেরই মৃত আবু তাহেরের ছেলে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে তাকে আটক করার পর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী কিশোরীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে কিশোরীর বাবা ন্যায়বিচারের আশায় বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।
ঘটনার বিবরণ পেয়ে লংগদু জোন কমান্ডারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পের একটি দল দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরু করে। সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা ও বিশ্বাসযোগ্য প্রমাণ মেলায় অভিযুক্ত মোঃ আবুল হোসেনকে আটক করা হয়।
পরদিন ৪ জুন রাতে আনুমানিক ৮টার দিকে আটককৃত অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
লংগদু জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারকে সব ধরনের আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক আশ্বাস প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়।

