অল্প বৃষ্টিতেই ডুবে যায় এলাকা
পলাশবাড়ী খাদ্য গুদামে জলাবদ্ধতা, খাদ্যশস্য রক্ষায় শঙ্কা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মানুষের খাদ্য সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র স্থানীয় খাদ্য গুদাম এলাকা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণের এই গুরুত্বপূর্ণ স্থানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মাঝে।
সাম্প্রতিক বৃষ্টির পর খাদ্য গুদাম এলাকার আশপাশ ও প্রবেশপথ পানিতে তলিয়ে যেতে দেখা যায়। এতে ধান ও চাল পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যশস্যের গুণগত মান নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, গুদামে সংরক্ষিত ধান ও চালের আর্দ্রতা বৃদ্ধি পেলে তা দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুদাম এলাকার ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় অল্প বৃষ্টিতেই পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়ে। ফলে ট্রাক ও ভ্যানযোগে খাদ্যশস্য আনা-নেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয় শ্রমিক ও ব্যবসায়ীদের। অনেক সময় হাটুপানি মাড়িয়ে গুদামে প্রবেশ করতে হচ্ছে সংশ্লিষ্টদের।
খাদ্য গুদামের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ধান ও চাল সংরক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুদামের আশপাশে পানি জমে থাকলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, যা খাদ্যশস্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে সরকারের খাদ্য মজুদ ব্যবস্থাপনাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, ড্রেন সংস্কার এবং গুদাম এলাকার অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, উপজেলার মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী সমাধান প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

