ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ক্লিনার তৈরি, এক লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীনভাবে নকল টাইলস ক্লিনার ও ফ্লোর ক্লিনার তৈরি এবং বিদেশি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা যায়, ভাদুঘর বাজার রোডের একটি ঘরে অবৈধ ও অনুমোদনহীন প্রক্রিয়ায় নকল টাইলস ক্লিনার ও ফ্লোর ক্লিনার তৈরি করা হচ্ছিল। পরে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের অনুরূপ প্যাকেট ও মোড়ক ব্যবহার করে এসব পণ্য বিদেশি ব্র্যান্ডের পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল। এতে মানহীন পণ্য কিনে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছিলেন।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পুনরায় সংঘটিত হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

