দুর্গম বরকলে ফোনে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ নিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে শত ব্যস্ততার মধ্যেও রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলা সদর ও শুভলং ইউনিয়নের দুটি পূজামণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মুঠোফোনে কথা বলে তিনি পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও ধর্মীয় উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন এবং যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
ফোনালাপে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “আপনারা সবাই কেমন আছেন? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। আপনাদের যেকোনো সমস্যায় আমি পাশে থাকব। আপনাদের নিরাপত্তা এবং পূজা উদ্যাপনের সার্বিক বিষয়গুলো খেয়াল রাখব। পূজা শেষে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করতে বরকলে আসব।”
তিনি আরও জানান, তাঁর পক্ষ থেকে বরকলের পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা ও উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এ লক্ষ্যে জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সাবেক বরকল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম সওদাগরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল পাঠানো হয়।
এদিকে, সংসদ সদস্যের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধিদল বরকল উপজেলা সদর ও শুভলং ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ, চেক, বস্ত্র ও ফল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারওয়ার, জেলা বিএনপির সদস্য ও বরকল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. দিদারুল আলম, বরকল উপজেলা যুবদলের সদস্যসচিব মো. পান্না মিয়া, শুভলং ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মো. সোহরাব, সংসদ সদস্যের প্রতিনিধি সঞ্জয় চাকমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দুর্গম বরকলের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ এবং পূজামণ্ডপে প্রতিনিধিদল পাঠিয়ে শুভেচ্ছা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

