সাংবাদিকদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ

কঠিন সংকটে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
কঠিন সংকটে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ
৫৯

ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের টাকা দিয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে সনদপত্র প্রদান, নাগরিক সুযোগ-সুবিধা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম ও ঘুষ গ্রহণের একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে কয়েকজন সংবাদকর্মী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং সংশ্লিষ্ট বিষয়ে সচিবের বক্তব্য জানতে চান। এ সময় তিনি সাংবাদিকদের একটি টাকার প্যাকেট দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। সাংবাদিকরা তা নিতে অস্বীকৃতি জানালেও তিনি জোর করে দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, সুনির্দিষ্ট অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে সচিব আবুল কালাম আজাদ সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তথ্য বা বক্তব্য দেওয়ার পরিবর্তে একটি খামে নগদ টাকা ভরে উপস্থিত সাংবাদিকদের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সংবাদকর্মীরা তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁদের মতে, এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী।

 

ঘটনার সময় উপস্থিত এক সাংবাদিক বলেন, “আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউপি সচিবের বক্তব্য নিতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের প্রশ্নের তোয়াক্কা না করে পকেট থেকে টাকার খাম বের করে আমাদের দেওয়ার চেষ্টা করেন, যাতে আমরা খবরটি প্রকাশ না করি। আমরা সঙ্গে সঙ্গেই এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।”

 

জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের সেবায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। সাংবাদিকদের অর্থ দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে তা অসংগত ও নিন্দনীয়। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ইউপি সচিবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।