রাঙ্গামাটিতে জমকালো আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
রাঙ্গামাটিতে জমকালো আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধন
৯৮

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের সুদৃঢ় সম্পর্ক গড়ার লক্ষ্যে রাঙ্গামাটিতে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ে সম্প্রীতি ও সুস্থ ক্রীড়াচর্চার এক নতুন অধ্যায় সূচিত হলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় ফুটবল ও কাবাডি মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দীপন তালুকদার। জেলা পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “পাহাড়ের তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক পথ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে খেলাধুলার এই আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মাঝে আস্থা ও ভালোবাসার বন্ধন আরও শক্ত করবে।”
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জজ কোর্টের বিজ্ঞ জি.পি. এবং কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীলভাবে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
আয়োজক সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। নিজ নিজ এলাকার থানার প্রতিনিধিত্ব করে তরুণ অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় লড়াই করবে।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব বলেন, “কাবাডি কেবল আমাদের জাতীয় খেলা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চর্চার অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সামাজিক সম্প্রীতিপূর্ণ রাঙ্গামাটি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে স্থানীয় জনগণ ও ক্রীড়ামোদী দর্শকরা ভিড় জমান। পাহাড়ের তরুণদের এমন সামাজিক ও শারীরিক কসরতের লড়াইয়ে অংশ নিতে দেখে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।