চাকরির পেছনে নয়, উদ্ভাবনে মনোযোগী হোক তরুণরা

তরুণ উদ্ভাবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা

ফাহিম ফরহাদ, গাজীপুর প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
তরুণ উদ্ভাবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা
৪২

চাকরির পেছনে ছোটা নয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ, পণ্য ও সেবা তৈরি করে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

 

তিনি বলেছেন, তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী হলে চলবে না, তাদের উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাণিজ্যিক উদ্যোগ তৈরি করতে হবে।

 

শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) রোবটিক্স ক্লাব আয়োজিত জাতীয় রোবটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে বড় ধরনের সহায়তার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ছোট ছোট উদ্ভাবনকে সফল উদ্যোগে রূপ দিতে সরকার স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। এই তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় উদ্ভাবন ও উদ্যোগগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

 

মন্ত্রী বলেন, শুধু চাকরিপ্রার্থী তৈরি করে দেশের সম্ভাবনাময় তরুণদের মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়। প্রযুক্তির মাধ্যমে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন, ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

 

তিনি আরও বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে নতুন প্রজন্মকে প্রস্তুত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি এবং তরুণদের উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

 

সকাল ১১টায় শুরু হওয়া দিনব্যাপী ‘রোবোফিউশন ১.০’ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশ নেন। এতে ১৬৬টি নিবন্ধিত দল পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়। ক্যাটাগরিগুলো হলো—লাইন ফলোইং রোবট, রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস ও বোট রেসিং।

 

উৎসবে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন রোবট ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করেন। প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগে আগ্রহী করে তুলতে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মুক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া।

 

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ও ইউএফটিবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, এটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।